১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে গর্তে মিলল নিখোঁজ শিশুর গলাকাটা লাশ

রিফাতকে গলাকেটে হত্যার পর মরদেহটি লুকিয়ে রাখা হয়, বলছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 01:12 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

ময়মনসিংহের মুক্তাগাছায় ফসলের ক্ষেতের গর্ত থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রামের সরিষা ক্ষেতের পাশের ফসলের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান।

মৃত ১৩ বছর বয়সী মো. রিফাত ওই গ্রামের নরকুনা মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে।

ওসি কামাল বলেন, “রিফাত মাঝে মাঝে ভ্যান গাড়ি চালাতো। গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তার ভ্যান গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এক পর্যায়ে রাত ১০টার দিকে রিফাতকে গলাকেটে হত্যা করে ফসলের জমিতে নিয়ে গর্ত করে মরদেহটি লুকিয়ে রাখে।

“এদিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে রিফাতকে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে এ ঘটনায় জড়িত পাশে গ্রামের মিরাজ নামের একজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে মিরাজের দেওয়া তথ্যে রিফাতের লাশ উদ্ধার করা হয়।”  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।