Published : 07 Apr 2026, 09:48 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলায় হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।
মঙ্গলবার বিকালের এই বৃষ্টিতে আমসহ মাঠ কৃষির কিছু ক্ষতি হলেও উপকার বেশি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াছিন আলী।
তিনি বলেন, “সামান্য ক্ষতি হলেও এ বৃষ্টি ফসলের জন্য উপকারী।”
বিকালে সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোলে বৃষ্টি হয়েছে, কিছু এলাকায় ছোট আকারের শিলাবৃষ্টিও হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, “আম গাছে যদি ধারণ ক্ষমতার চেয়ে বেশি মুকুল বা ফুল আসে, তবে শিলার আঘাতে অতিরিক্তগুলো ঝরে পড়ে। এতে গাছের পুষ্টি ঠিক থাকে এবং অবশিষ্ট ফুল থেকে ভালো ফল হয়।”

তিনি বলেন, হালকা শিলাবৃষ্টিতে অনেক সময় ক্ষতিকর পোকামাকড় ও তাদের ডিম ধুয়েমুছে যায়। ফলে শিলাবৃষ্টির পর উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা থাকে।
বৃষ্টির পানি ও শিলা মাটি ও বাতাসকে ঠাণ্ডা করে; যা গাছের সতেজতা ফেরায়। যেসব এলাকায় শিলাবৃষ্টি বেশি হয়েছে, সেখানে আম বাগানে ছত্রাকনাশক ব্যবহার এবং ফল ছিদ্রকারী পোকা দমন করতে স্প্রে করার পরামর্শ দেন এই কর্মকর্তা।
বৃষ্টিপাত ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে, বিস্তারিত পরে জানানো হবে বলে জানান কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী।