১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ মামলা

ওসি শহিদুল ইসলাম বলেন, দুটি মামলারই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 10:55 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। 

রোববার বিকালে করা মামলাগুলোর মধ্যে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা এবং গরুর মালিক স্থানীয় আবুল বকর বাদী হয়ে চুরির মামলা করেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম। 

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে করা হত্যা মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে। 

এদিন ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী বলছে, একটি পিকআপ ভ্যান নিয়ে ১১ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র আবু বক্কর সিদ্দিকের বাড়ির গোয়ালঘরে হানা দেয়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করেন।

এক পর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে পিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। 

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিহত তিনজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুটি মামলারই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।