১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে নিখোঁজের ৫ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

“বীভৎস অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 12:27 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

গাজীপুরে পাঁচ দিন আগে নিখোঁজ এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় নগরীর ধাীরাশ্রম এলাকার বাড়ির পেছন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান জানান।

নিহত ছয় বছর বয়সী নাবিলা কানিজ নাবা ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী নাসির মিয়া এবং খাদিজা বেগম দম্পতির মেয়ে।

তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী প্রবাসে থাকায় দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমের একটি বাসায় থাকেন খাদিজা বেগম। নাবিলা ছিল তাদের প্রথম সন্তান। গত ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিল নাবা। তারপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। তখন তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়েছিল।

সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি একটা বস্তু পড়ে থাকতে দেখেন নাবার চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাত-মুখ বাঁধা অবস্থায় ভাতিজির মরদেহ দেখেন তিনি।

নিহতের মা খাদিজা বেগম বলছেন, “নাবিলার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেছিলাম, পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। কিন্তু তার কোনো খবর পাইনি।

“বীভৎস অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। আমাদের ধারণা, প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।”

ওসি মেহেদী হাসান বলেন, “শিশুটিকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মা খাদিজা বেগম বাদী হয়ে মঙ্গলবার প্রথম প্রহরে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”