Published : 09 May 2025, 05:27 PM
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক ও তার সহকারী আটক হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজার সংলগ্ন চুলিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান।
নিহতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে সঞ্জয় চন্দ্র রায় (১৩) এবং একই এলাকার অতুল বর্মনের ছেলে অনিক চন্দ্র রায় (১২)।
সঞ্জয় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক লক্ষ্মীরহাটের একটি ওয়েলডিং দোকানে কর্মচারী ছিল। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
আটকরা হলেন- আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার আব্দুল হাকিমের ছেলে ট্রাক চালক আব্দুল হালিম (৬০) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার জহুরুল ইসলামের ছেলে চালকের সহকারী জাহিদ হাসান (২৫)।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সঞ্জয় বাজার করার জন্য বাড়ি থেকে লক্ষ্মীহাটে যায়। সেখান থেকে তার চাচা অনিককে নিয়ে বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে একটি পাথর বোঝাই ট্রাক তাদের বাইসাইকেলের পেছনে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরাতাকে মৃত ঘোষণা করেন।
ওসি সোয়েল রানা বলেন, “ট্রাকটি জব্দ করে চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”