১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি: দিনাজপুরে পাসের হার কমেছে ১১ শতাংশ, বেশি ফেল অঙ্কে

“সরকারিভাবে নির্দেশ ছিল কোনো গ্রেস মার্ক বা বাড়তি কোনো নম্বর দেওয়া যাবে না। এসব কারণে পাসের হার কমেছে।”

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার গত বছরের তুলনায় ১১ শতাংশ কমেছে। 

২০২৪ সালে এ শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। ২০২৫ সালে এসে তা হয়েছে ৬৭ দশমিক ০৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার ছিল ১১ দশমিক ৪ শতাংশ কম। 

এবার এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। ২০২৪ সালে জিপিএ-৫ ছিল ১৮ হাজার ১০৫ জন। 

পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। ছাত্রদের পাশের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৫১৬ জন। ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৫৪৬ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী জানান, এসএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার দুই হাজার ৭৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৮২ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে এক লাখ ২২ হাজার ১৪৬ জন।

এবার একজনও পাস করেনি এমন স্কুলের সংখ্যা এবার বেড়েছে। গত বছরে এই সংখ্যাটি ৪, এবার হয়েছে ১৩টি। 

শতভাগ পাশ করেছে এমন স্কুলের সংখ্যাও এবার কমে হয়েছে ৪৮টি; যা গত বছর ছিল ৭৭টি। 

ফল বিপর্যয়ের বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মহা: তৌহিদুল ইসলাম বলেন, “এবার বেশির ভাগ পরীক্ষার্থী গণিত পরীক্ষায় খারাপ করেছে। এ ছাড়া এবার সরকারিভাবে নির্দেশ ছিল কোনো গ্রেস মার্ক বা বাড়তি কোনো নম্বর দেওয়া যাবে না। এসব কারণে পাসের হার কমেছে।

সারাদেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৬৬ শতাংশ।

এই হিসাবে এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।