১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

২০১৬ সালের ৯ মার্চ রাতে দুধের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে শহীদকে খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানান পিপি।

রাজবাড়ীতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদাল‌ত।

বিডিনিউজ২৪

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক যুবককে হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত।

মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক জয়নাল আবেদীন আসা‌মিদের অনুপ‌স্থিত এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসু‌লি (পিপি) আব্দুর রাজ্জাক।

দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে সোহেল এবং শহীদ মণ্ডলের স্ত্রী রহিমা খাতুন। 

পিপি আব্দুর রাজ্জাক বলেন, ২০১৬ সালের ৯ মার্চ রাত ২টার দিকে উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের প্রয়াত জয়নাল মণ্ডলের ছেলে শহীদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় রাজবাড়ী আমলী আদালতে শহীদের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে সোহেলসহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন। 

তিনি বলেন, “তদন্ত চলাকালে রহিমাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

“আদালতে রহিমা বলেন, সোহেলের কথা মতো দুধের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে শহীদকে খাওয়ান তিনি। পরে সোহেল ঘরে ঢুকে গামছা দিয়ে শহীদের নাক, মুখ বেঁধে ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।” 

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস বিনাশ্রম করাবাসে থাকতে হবে বলে জানান পিপি আব্দুর রাজ্জাক।

এ রা‌য়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হ‌য়ে‌ছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।