১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মব জাস্টিজ’ হচ্ছে সরকারের নাটক: সেলিমা রহমান

নরসিংদীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘মব জাস্টিজ’ হচ্ছে সরকারের নাটক: সেলিমা রহমান
নরসিংদীতে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সেলিমা রহমান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

‘মবকে’ এই সরকারের ‘নাটক’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেছেন, “মব জাস্টিস কেন ঘটছে, কিসের জন্য হচ্ছে? এগুলো সবই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা।” 

রোববার বিকালে নরসিংদীতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “সরকার এই নাটকগুলো দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আইনশৃঙ্খলা তারা দেখছেই না, আইনশৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যাচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভটিজিং হচ্ছে।” 

‘মব জাস্টিজের’ নামে বিভিন্ন জায়গায় ‘দাবি-দাওয়া আদায়’ চলছে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। বলেন, “এটাই হল তাদের কাজ।”

সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু কেন করছে না সেই প্রশ্ন তুলে তিনি পরামর্শ দেন, “আইনশৃঙ্খলা ঠিক করেন। শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে।

“১০ মাসে কী সংস্কার করেছেন? আপনারা আছেন বিদেশি চমক আর কথার চমক নিয়ে। এভাবে দিন চলবে না। ডিসেম্বরেই নির্বাচন শেষ করতে হবে।”  

আলোচনা সভা শেষে খাবার বিতরণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সেলিমা রহমান। 

শিশু একাডেমি মিলনায়তনে জেলা মহিলা দলের সভাপতি উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ।