১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় ‘স্বামীর সহায়তায়’ নববধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

ওই নারীর শরীরে ধর্ষণ ও শারিরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে চিকিৎসক।

গাইবান্ধায় ‘স্বামীর সহায়তায়’ নববধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্বামীর সহায়তায় এক নববধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই নারীর বড় ভাই বাদি হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন বলে রোববার সাঘাটা থানার ওসি বাদশা আলম জানিয়েছেন।

ওই মামলায় ভুক্তভোগীর স্বামী ২০ বছর বয়সী আসিফ মিয়াকে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তার বাড়ি সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে।

আর ১৮ বছর বয়সী ওই নববধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি বাদশা আলম বলেন, বুধবার রাতে পারিবারিকভাবে আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা এক যুবতীর বিয়ে হয়। রাতেই নববধূ নিয়ে বর যাত্রীরা তাদের বাড়ি চলে যান।

পরে শুক্রবার আসিফ ও তার ছয় বন্ধু নতুন বউকে নিয়ে তার বাবার বাড়ি গোবিন্দগঞ্জে যান। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায় এবং স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে মেয়েটিকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে স্বামী ও তার ছয় বন্ধুকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, দলবেঁধে ধর্ষণের অভিযোগে এলাকার লোকজন সাতজনকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে তাদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ বলেন, “শুক্রবার দুপুরে দিকে মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

ওই নারীর শরীরে ধর্ষণ ও শারিরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে জানান এ চিকিৎসক।

সাঘাটা থানার ওসি বাদশাহ আলম বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ছয়জনের নাম মামলায় না থাকায় তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই নববধূর স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।