Published : 13 Mar 2026, 07:23 PM
মালদ্বীপের দিঘুরা দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজন লক্ষ্মীপুর সদর উপজেলার তাজ উদ্দিন ইসলাম।
শুক্রবার বিকালে নিহতের খালাতো ভাই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ২৫ বছর বয়সি তাজ সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
এদিন ভোরে দেশটির একটি আইল্যান্ডে নির্মাণকাজের সাইটের গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হন বলে বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর সোহেল পারভেজ জানিয়েছেন। এ ঘটনায় বাংলাদেশি আরও দুজন আহত হয়েছেন।
তাজ উদ্দিন ছাড়া সেখানে নিহত অন্যরা হলেন- সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। চিকিৎসাধীন আছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
তাজ উদ্দিনের খালাতো ভাই আব্দুল খালেক বলেন, তাজ উদ্দিন চার বোনের এক ভাই। তার নিজের চার মাস বয়সী একটি মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে প্রায় চার লাখ টাকা খরচ করে প্রায় আট মাস আগে মালদ্বীপ যান তাজ। সেখানে তিনি একটি আবাসিক হোটেলে (রিসোর্ট) কাজ করতেন।
তিনি বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার ভাই মারা গেছে। তার পরিবারটি অসহায় হয়ে গেছে। তার বাবা কিডনি জনিত রোগে আক্রান্ত।”
হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ সংবাদমাধ্যমকে জানান, আহত দুজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।