Published : 25 Aug 2026, 05:26 PM
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নিখোঁজের চার দিন পর এক তরুণের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভাদ্রা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাগরপুর থানার ওসি মোহম্মদ জহুরুল ইসলাম।
নিহত ২৩ বছর বয়সি মো. শামীম আনসারী ওই গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
গ্রেপ্তার অনিক (২৮) একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার বিকালে শামীম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দুই দিন পর রোববার শামীমের বাবা নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে অনিককে আটক করে।
তার কাছ থেকে শামীমের ফোন এবং তার দেওয়া তথ্য মতে বাড়ির পাশে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
শামীমের বাবা বিল্লাল মল্লিক বলেন, “শামীমের মোবাইল থেকে আমার বাড়িতে ফোন করে দেড় লাখ টাকা ৩০ মিনিটের মধ্যে পাঠাতে বলে নম্বরটি বন্ধ করে দেন অনিক।”
সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।
ওসি জহুরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে অনিকের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। ওই তরুণকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।