১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়কে ডিম ফেলে কিশোরগঞ্জে খামারিদের প্রতিবাদ

ক্ষুদ্র ও মাঝারি খামারিদের স্বার্থ রক্ষায় করপোরেট কোম্পানিগুলোকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের দাবি জানানো হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 05:15 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

ডিম ও মুরগি উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রির ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে কিশোরগঞ্জে মহাসড়কে ডিম ফেলে প্রতিবাদ করেছেন খামারি ও ব্যবসায়ীরা।

সোমবার দুপুরে ‘পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পরে দাবি আদায়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

কর্মসূচির অংশ হিসাবে প্রথমে খামারিরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন শুরু করেন। এক পর্যায়ে খামারিরা উৎপাদিত ডিম ও মুরগির সঠিক বিক্রি মূল্য না পাওয়ার ক্ষোভে মহাসড়কে বিভিন্ন স্লোগান দিয়ে কয়েকশত ডিম ভেঙে প্রতিবাদ জানান।

কর্মসূচি চলাকালে পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি দেলোয়ার হোসেন মান্নান এবং যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর সাহা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বাজারে মধ্যস্বত্বভোগী ও বিভিন্ন সিন্ডিকেটের প্রভাবে সাধারণ খামারিরা ডিম-মুরগির সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া ক্ষুদ্র ও মাঝারি খামারিদের স্বার্থ রক্ষায় করপোরেট কোম্পানিগুলোকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের দাবি জানানো হয়।

এ ব্যাপারে তারা দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। সেইসঙ্গে দাবি আদায় না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।