২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জ আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালাল আসামি

আদালতের হাজতখানার গেইটে পাহারায় থাকা পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন মোমিন। পরে বারান্দা দিয়ে দৌড়ে গিয়ে নিচে লাফ দেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 08:04 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

সিরাজগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের দোতলা থেকে লাফ দিয়ে চুরির মামলার এক আসামি পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার দুপুরে আদালতে এ ঘটনা ঘটে বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী।

পলাতক আব্দুল মোমিন (২২) শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।

রওশন ইয়াজদানী বলেন, আদালতে হাজিরা থাকায় মোমিনকে জেলা কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। সে সময় কোর্ট পুলিশের এক সদস্য অন্য এক আসামির হ্যান্ডকাপ খোলায় ব্যস্ত ছিলেন। ঠিক তখনই মোমিন গেইটে পাহারায় থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

পরে সে আদালতের দোতলার বারান্দা দিয়ে দৌড়ে গিয়ে নিচে লাফ দেয়। ওই বারান্দায় কোনো লোহার গ্রিল ছিল না। নিচে মাটিতে পড়ায় মোমিন তেমন আঘাত পাননি। এরপর আদালত চত্বর ছেড়ে মোমিন পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালালেও মোমিনকে পাওয়া যায়নি।

রওশন ইয়াজদানী বলেন, মোমিনকে গ্রেপ্তারে সদর থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করেছে।

এ ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।