১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৯ ঘণ্টা পর আন্দোলন প্রত্যাহার, জামালপুর থেকে সারাদেশে বাস চলাচল শুরু

“জেলা প্রশাসনের কাছে ১১ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তারা কিছু মেনে নিয়েছেন, বাকিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 04:20 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

জামালপুরে বাস ভাঙচুরের প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের ডাকা আন্দোলন প্রায় নয় ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। 

জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার বিকালে আন্দোলন প্রত্যাহার করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা। আন্দোলন প্রত্যাহারের পর জামালপুর থেকে সারাদেশের সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ঢাকার পথে কোনো বাস চলাচল করছিল না। 

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলা প্রশাসনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ।

স্থানীয় জনগণ ও শ্রমিক নেতারা জানান, গত ৩১ অগাস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৬ জন।

তাদের অভিযোগ, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে রাজিব পরিবহনের বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় বুধবার বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা।

এ সময় বিক্ষোভকারীরা ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে বাস দুটিতে ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ওই সড়কে রাজিব পরিবহনের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর বাস পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো জামালপুর থেকে ঢাকা সহ সারাদেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, “জেলা প্রশাসনের কাছে ১১ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। 

“তারা কিছু দাবি মেনে নিয়েছেন, বাকিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। জামালপুর থেকে বাস চলাচল শুরু হয়েছে।”

অতিরিক্ত জেলা ম্যাজ্রিস্টেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, “মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের কিছু দাবি ছিল, সেগুলোর মধ্যে যেগুলো দ্রুত বাস্তবায়ন করা যায় সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। বাকি দাবিগুলো পর্যাক্রমে সমাধান করা হবে।”