০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ডের অভিযোগ, ছাত্রদলের অস্বীকার

সদর থানার ওসি বলেন, “সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে সেটি নিয়ন্ত্রণে এনেছে।”

লালমনিরহাটে বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ডের অভিযোগ, ছাত্রদলের অস্বীকার
লালমনিরহাটে ছাত্রদলের বাধায় সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে এনসিপি।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 09:00 PM

Updated : 26 Aug 2026, 12:23 PM

লালমনিরহাটে ছাত্রদলের বাধায় সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি-এনসিপি। তবে ছাত্রদল এই অভিযোগ অস্বীকার করেছে। 

লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ স্মৃতি মঞ্চের’ পাশের স্থাপিত ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত ম্যুরাল স্বাধীনতা ও বিজয় দিবসের দিন ঢেকে দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছিল বলে এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ জানান। 

তিনি অভিযোগ করেন, শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে ছাত্রদল ও বিএনপির কিছু নেতাকর্মী জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ সময় ম্যুরালের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরে রাসেল বলেন, “সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে ফোনে চাপ দেওয়া হচ্ছিল, যেন আমি সেটি স্থগিত করি। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগাযোগ করেছেন। তবে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতির প্রতিবাদে আমি সংবাদ সম্মেলন করতেই এসেছিলাম।” 

তিনি বলেন, “স্মৃতিসৌধের পাশে স্থাপিত ম্যুরালগুলোতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত ফুটে ওঠেছে। সেগুলো স্বাধীনতা দিবসে ঢেকে ফেলা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

“আমরা বারবার বলেছি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কেবল একজনের নয়; এটি লাখো শহীদ, বীর সেনানী ও বীরাঙ্গনার আত্মত্যাগে অর্জিত। এই ইতিহাসকে ঢেকে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলাম।” 

তবে অভিযোগ অস্বীকার করে লালমনিরহাট জেলা ছাত্রদলের এক নেতা বলেন, “ছাত্রলীগ ও জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে নিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা হচ্ছিল। আমরা তা প্রতিহত করেছি, হামলা বা ধাক্কাধাকির অভিযোগ সত্য নয়।”

লালমনিরহাট সদর থানার ওসি নুর নবী বলেন, “সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে সেটি নিয়ন্ত্রণে এনেছে।”