মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলার আহ্বায়ক ফরিদুর রহমান আর নেই
কোভিড পরবর্তী জটিলতায় ফসফুসের রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
কোভিড পরবর্তী জটিলতায় ফসফুসের রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মাধবপুর এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছোট ভাই শেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শরিফুর রহমান।
তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
মো. ফরিদুর রহমান ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মুখ সমরের বিভিন্ন অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর থানা কমান্ডের প্রথম কমান্ডার ছিলেন। পরবর্তীতে পেশাগত কাজে দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কাটিয়েছেন।
মঙ্গলবার জোহরের পর শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে চাপাতলি পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলেও জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
তার মৃত্যুতে সাবেক উপমন্ত্রী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরো, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, শহীদ বুলবুল সড়ক ব্যবসায়ী নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।
