১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় সাহিত্য উৎসবে মাতলেন কবিরা, দিনভর পাঠ-সন্মাননা

অনুষ্ঠানে বগুড়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট, ঢাকা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধার কবিরা অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 09:03 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

দিনভর কবিদের কবিতা পাঠ, সন্মাননা আর আনন্দ-সৃজনের মধ্য দিয়ে বগুড়ায় সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে শুক্রবার জাতীয় কবিতা মঞ্চ জেলা শাখার আয়োজনে দিনব্যাপী কবিতা উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে কবিরা অংশ নেন।  

অনুষ্ঠানে বইমেলা, তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা বিষয়ক আলোচনা সভা, কবি আড্ডা, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হয়। 

উৎসবের উদ্বোধনে বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী প্রধান অতিথি, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী প্রধান বক্তা ছিলেন। 

সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন। বিশেষ অতিথির বক্তব‌্য দেন বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, মোফাখ্খারল ইসলাম, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমজাদ হোসেন খান, জাতীয় কবিতা মঞ্চের সহসভাপতি মনজু খন্দকার। 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক সাদেক হোসেন। 

এবারের বগুড়া সাহিত্য উৎসবে কবি ও সম্পাদক অধ্যাপক মীর আব্দুর রাজ্জাক, কবি ও সম্পাদক জয়ন্ত দেব, কবি ও গল্পকার সাংবাদিক মসহীন রাজু, কবি ও সম্পাদক মাহফুল আখতারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম। 

অনুষ্ঠানে বগুড়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট, ঢাকা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধার দুই শতাধিক কবি অংশগ্রহণ করেন।