সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
“চিপস কিনে দিয়ে নিজ বাড়ির বাথরুমের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সাব্বির।”
সিরাজগঞ্জ শহরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের মামুমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার এসআই মামুন ইমতিয়াজ জানান।
গ্রেপ্তার ৩৩ বছর বয়সী সাব্বির হোসেন একই এলাকার মধ্য পশ্চিমপাড়ার খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক।
এসআই মামুন বলেন, “আটক সাব্বিরের স্ত্রী খলিফার কাজ করেন। রাতে কাপড় সেলাই করার জন্য প্রতিবেশী এক নারী তার মেয়েকে নিয়ে ওই বাড়িতে আসেন।
“ওই সময় চিপস কিনে দিয়ে নিজ বাড়ির বাথরুমের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সাব্বির। শিশুটির চিৎকারে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা সাব্বিরকে আটকে রাখে।”
তিনি বলেন, “জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অটোভ্যান চালক সাব্বিরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে।”
