ময়মনসিংহ রেলস্টেশনে বাজারের ব্যাগে নবজাতকের লাশ
স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পলিথিনে মোড়ানো অব্স্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বাজারের ব্যাগ থেকে আনুমানিক একদিন বয়সি ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করার তথ্য দেন রেলওয়ে থানা পুলিশের ওসি আকতার হোসেন।
তিনি বলেন, পলিথিন ব্যাগে মোড়ানো রক্তাক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে সেটি মর্গে পাঠানো হয়েছে।
কে বা কারা নবজাতকটিকে পলিথিনে মুড়িয়ে এভাবে রেখে গেছে, তা খোঁজ নিয়ে দেখা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
