বেনাপোল সীমান্তে পৌনে ২ কোটি টাকার সোনার বার জব্দ, যুবক আটক
জব্দ করা নয়টি সোনার বারের ওজন এক কেজির কিছু বেশি বলে জানায় বিজিবি।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৌনে দুই কোটি টাকার নয়টি সোনার বারসহ এক যুবককে আটক করা হয়েছে; যাকে পাচারকারী বলছে বিজিবি।
মঙ্গলবার রাতে পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
আটক মনিরুজ্জামান (৩৭) পুটখালী উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতে সোনা পাচারের গোপন খবর পেয়ে সহকারী পরিচালক সফিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়ায় সড়কের পাশে অবস্থান নেয়।
এ সময় রাস্তা দিয়ে সন্দেহজনক এক যুবককে আসতে দেখে তাকে থামার নির্দেশ দেয় বিজিবি। কিন্তু ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার শরীর তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা নয়টি সোনার বার পাওয়া যায়।
জব্দ করা সোনার ওজন এক কেজি ৪৯ গ্রাম; যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার।
আটক যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় সোনা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
