Published : 13 Sep 2026, 03:25 PM
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু বিজয়ী হয়েছেন।
শনিবার জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে রাত ৩টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল।
এতে সভাপতি পদে এম এ হেলাল ১৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পেয়েছেন ৯২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম মর্ত্তুজা শিপলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পেয়েছেন ৬৭৫ ভোট।
নির্বাচনে মোট চার হাজার ৭২১ জন ভোটারের মধ্যে তিন হাজার ৬৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট প্রদত্ত ভোটের হার ৭৭ শতাংশ।
এতে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, কার্যকরী সভাপতি পদে দুইজন, সহসভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে পাঁচজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে তিনজন, সড়ক সম্পাদক পদে সাতজন, প্রচার সম্পাদক পদে দুইজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সমাজকল্যাণ সম্পাদক পদে দুইজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৭ জন প্রার্থী লড়াই করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল হামিদ মিটুল ছাড়াও কমিশনার হিসাবে এম এ ওয়াহাব, কাজী মনজুরে মওলা পলাশ, আনিছুর রহমান লিটন, বাবুল করিম, শফিকুল ইসলাম, আইনজীবী মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির এবং সাজ্জাদ হোসেন দায়িত্ব পালন করেন।