Published : 30 May 2025, 01:37 PM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্তবর্তী এলাকা দিয়ে ২২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ।
শুক্রবার ভোরের কোনো এক সময় উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কালেঙ্গা সীমান্তবর্তী ডেবরাবাড়ি এলাকা দিয়ে তাদেরকে ঠেলে দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
রাণীগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান বলেন, “কালেঙ্গা সীমান্তবর্তী ডেবরাবাড়ি এলাকা দিয়ে বিএসএফ ২২ জনকে পুশ-ইন করেছে বলে আমরা ভোরে খবর পাই। সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেই। পরে বিজিবির জোয়ানরা সেখানে চলে যান এবং তাদেরকে উদ্ধার করে একটি বাড়িতে রাখেন।
“বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।”
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, “২২ জন কে পুশ-ইন করার বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।”