Published : 01 Dec 2025, 04:58 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবক খুন হয়েছেন; যিনি একজন বাউল গানের শিল্পীর স্বামী।
সোমবার সকালে কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংহপুর এলাকায় সড়কের উপর থেকে ৩৫ বছর বয়সী ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করার তথ্য দেন ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
নিহত সুমন খলিফা বরিশালের আগৈলঝড়া এলাকার মন্টু খলিফার ছেলে। তার স্ত্রী বাউল গানের শিল্পী সোনিয়া আক্তার।
তিনি সাংবাদিকদের বলেন, তারা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত রাতে সুমনের সঙ্গেই ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে তাকে অনুষ্ঠানে রেখে বেরিয়ে যান সুমন।
রাতভর অনুষ্ঠানে গান পরিবেশন করার পর সকালে স্বামীর মরদেহ উদ্ধারের খবর পান সোনিয়া আক্তার।
পুলিশ জানায়, নিহতের শরীরের মাথার পেছনে, পিঠে এবং কোমড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। কিছুক্ষণ পর তার স্ত্রী থানায় আসেন স্বামীর নিখোঁজের বিষয়টি জানানোর জন্য। নিখোঁজের বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ উদ্ধার হওয়া মরদেহেটি সোনিয়াকে দেখায়। তখন তিনি স্বামীর মরদেহ শনাক্ত করেন।
“এটি একটি হত্যাকাণ্ড। কিন্তু হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং কারা জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি।