Published : 04 Jul 2026, 11:35 PM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সীমান্তে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি।
শনিবার দুপুরে উপজেলার সীমান্ত গ্রাম ভবানীপুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয় বলে নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান।
স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, ভবানীপুর গ্রামের কয়েকজন কিশোর পাহাড়ি ছড়ায় মাছ ধরতে যায়। এ সময় তারা কাদা-মাটির ভেতর একটি লোহার বস্তু পায়। পরে তারা সেটি গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে তামিমের কাছে নিয়ে আসে। কিশোররা সেটি ভাঙারির দোকানে বিক্রির উদ্যোগ নিলে আমজাদ আলীর সন্দেহ হয়। তিনি বিষয়টি বিজিবিকে জানান।
বিজিবি গিয়ে ৬০ মিলিমিটারের মর্টার শেলটি শনাক্ত করে। তারপর চারপাশে নিরাপত্তা বেষ্টনি দিয়ে বিজিবি মোতায়েন করে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে মর্টার শেলটি নিরাপদে ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন।