১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে পিকআপের চালক নিহত

সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকের মুত্যু হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 01:38 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই জন।

শুক্রবার সকালে উপজেলার খামারেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান।

নিহত রুবেলের (৩০) বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়।

আহতরা হলেন- নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নূরে আলম (৩৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কভার্ড ভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের খামারের চর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মুত্যু হয়। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ থানায় নিয়ে যায়।

ওসি শাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত পিকআপ চালকের মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয়েছে। 

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।