Published : 14 Aug 2026, 12:57 PM
ঝিনাইদহ মহেশপুরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। পালিয়ে যাওয়ার সময় ‘মাদকাসক্ত’ ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
শুক্রবার সকাল ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।
নিহত শখের বানু (৫৫) ওই গ্রামের জিকুর হোসেনের স্ত্রী। তাদের ছেলে এখলাস উদ্দিন।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম বলেন, “এখলাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য মাকে নির্যাতন করতো। ধারণা করা হচ্ছে গত রাতেও মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ভোরে মাকে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে।
“সকালে শখের বানুর ছোট ছেলের স্ত্রী খাবার দিতে এসে রক্তাক্ত অবস্থায় তাতে বিছানায় পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেয়।”
তিনি আরও বলেন, হত্যার পর এখলাস পালিয়ে ভারতে যাওয়ার সময় গ্রামবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলে। তারপর পুলিশে সোপর্দ করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আটক ছেলে এখলাসকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি নেশাগ্রস্ত ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে।