২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই

বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ উব্ধাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে বইছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 08:42 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

নেত্রকোণায় বৃষ্টি আর ঢলের পানিতে প্রধান তিনটি নদীর পানি বেড়ে চলেছে।

এর মধ্যে উব্ধাখালি নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, বৃষ্টি আর ঢলের পানিতে জেলার প্রধান তিনটি নদী উব্ধাখালি, কংশ এবং হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে চলা ধনুর পানি বাড়ছে।

বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ উব্ধাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে বইছে। সেখানে বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কংশ নদীর পানি বেড়ে জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ২৫ সেন্টিমিটার ও ধনু নদীর পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১২ সেন্টিমিটার নিচে দিয়ে বইছে বলে জানান সারোয়ার।

এর আগে বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি উপচে লোকালয়ে ঢুকে দুই দফা বন্যায় জেলার অন্তত ছয়টি উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়। এখনও ক্ষতিগ্রস্তরা সেই বন্যার ক্ষয়ক্ষতিই কাটিয়ে উঠতে পারেননি।