১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শেরপুরের ধান ক্ষেত থেকে বার্মিজ অজগর উদ্ধার

রাতে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহীন বনে সাপটিকে অবমুক্ত করা হয়।

শেরপুরের ধান ক্ষেত থেকে বার্মিজ অজগর উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতীতে উদ্ধার হওয়া অজগর সাপ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 10:37 AM

Updated : 26 Aug 2026, 12:44 PM

শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত থেকে একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে বনে অবমুক্ত করা হয়।

শনিবার বিকালে উপজেলার মরিয়মনগর গ্রামের ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট কর্মকর্তা মো. শাহজাহান।

তিনি বলেন, বিকালে গ্রামের ধানক্ষেতে বড় আকৃতির অজগর সাপটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন স্থানীয়রা। দ্রুত রাংটিয়া রেঞ্জের অধীনস্থ বন বিভাগের একদল কর্মী সেখানে গিয়ে সতর্কভাবে সাপটি উদ্ধার করে- যাতে জনসাধারণের কোনো ক্ষতি না হয় এবং সাপটিও কোনো প্রকার আঘাত না পায়।

শাহজাহান বলেন, পরে রাতে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহীন বনে সাপটিকে অবমুক্ত করা হয়। 

তিনি আরও বলেন, “বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়। তবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। 

“তাই সাপটির নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে রাংটিয়া রেঞ্জের একটি গভীর ও নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে।”