১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ফেরেনি, পুকুরে মিলল কিশোরীর লাশ

“বান্ধবীদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা খাতুন। তখন তার মায়ের সঙ্গে ঝগড়া হয়।”

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 03:08 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি ইটভাটার পুকুর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ওই এলাকার কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে ‘ইকো ব্রিকসের’ পুকুর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

মৃত ১৪ বছর বয়সী নাসিমা খাতুন সলেমানপুর গ্রামের নাজমুল মীরের মেয়ে বলে কোটচাঁদপুর থানার ওসি মো. আসাদুজ্জজমান জানিয়েছেন। 

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

ওই কিশোরীর প্রতিবেশী জাহানারা বেগম বলেন, “বুধবার সকালে মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয় নাসিমা। রাতে সে আর বাড়ি ফেরেনি। 

“ইকো ব্রিকসের পুকুরে এক কিশোরীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা গিয়ে তার পরিচয় শনাক্ত করে।”

ওসি আসাদুজ্জজমান বলেন, “বান্ধবীদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা খাতুন। তখন তার মায়ের সঙ্গে ঝগড়া হয়। 

“মা তার কাছ থেকে মোবাইল ফোনে কেড়ে নেয়। এরপর আর বাড়ি ফেরেনি সে।”

ময়নাতদন্তের প্রাতবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।