Published : 07 Jul 2026, 08:59 PM
খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান।
নিহতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের শেখপাড়া সনাতনকাঠি গ্রামের শেখ ওবায়দুল হকের ছেলে শেখ দিদারুল হক (৩০) এবং একই ইউনিয়নের হরিদাসকাঠি গ্রামের বাড়ৈপাড়ার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু (৬০)।
এ ঘটনায় আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সয়াবিন তেল বোঝাই ট্রাকটি খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ইজিবাইকটি। যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকের দুজন নিহত হন।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।