Published : 23 Feb 2026, 02:41 PM
শেরপুরের নকলা উপজেলায় দুই ট্রাক ইউরিয়া সার জব্দ করা হয়েছে। ট্রাক দুটিতে মোট ৯৮০ বস্তা সার রয়েছে।
রোববার বিকালে উপজেলার উত্তর বাজারের পৃথক দুটি স্থানে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সারগুলো জব্দ করা হয় বলে জানান নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ ।
তিনি বলেন, উপজেলার ‘সৃজন এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স খন্দকার শহীদুল ইসলাম’ নামে দুটি ডিলার পয়েন্টে ট্রাক থেকে ইউরিয়া সার নামানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
কৃষি কর্মকর্তা বলেন, আশুগঞ্জ সার কারখানা থেকে সার ভর্তি ট্রাক দুটি শেরপুরের ঝিনাইগাতী বাফার জোন পয়েন্টে নামানোর কথা ছিল। তবে ঝিনাইগাতী বাফার জোনের কোনো কর্মকর্তার সঙ্গে যোগসাজশে সারগুলো নকলা ডিলার পয়েন্টে স্থানাস্তরের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ট্রাক দুটি নকলা থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ডিলাররা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।
তবে অভিযুক্ত ডিলারদের দাবি, তারা ডিও (ডেলিভারি অর্ডার) অনুযায়ী বৈধভাবে সার কিনেছেন এবং নিয়ম মেনেই তা নামানো হচ্ছিল।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারসহ ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে দিয়েছেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন, “বাফার জোন আমাদের সরাসরি নিয়ন্ত্রণাধীন নয়। তবে সারের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী এবং অবৈধ মজুতদারদের এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
“সোমবার ঢাকা থেকে একটি তদন্ত টিম আসবে। তাদের তদন্তের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”