২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরে বন্যহাতির তাণ্ডবে আমন ধানের ক্ষতি

নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির তাণ্ডবে কৃষকের কয়েক একর আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 10:10 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির তাণ্ডবে আমন ধানের ক্ষতি হয়েছে বলে কৃষকরা অভিযোগ করেছেন।

মঙ্গলবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী আন্দারুপাড়া খলচান্দা এলাকায় পাহাড়ি বন্যহাতির একটি দল এ তাণ্ডব চালায়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, মঙ্গলবার রাতে ১৫ থেকে ২০টি বন্যহাতি বারোমারী মিশন ও খলচান্দা কোচপল্লী সংলগ্ন এলাকার ফসলি জমিতে খাবারের সন্ধানে নেমে আসে। হাতির পালটি ক্ষেতের ধানের চারা খেয়ে এবং পা দিয়ে মাড়িয়ে প্রায় চার একর জমির আমন ধান নষ্ট করে ফেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইমান আলী বলেন, “সন্ধ্যা নামতেই হাতির পালটি আমাদের ক্ষেতে হানা দেয়। হঠাৎ আক্রমণ হওয়ায় আমরা ফসল রক্ষার সুযোগ পাইনি। সরকারের কাছে আমরা এই ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছি।”

কয়েক দিন ধরে নালিতাবাড়ীর বুরুঙ্গা কালাপানিসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় সন্ধ্যার পর হাতির পাল নেমে এসে ফসলের ক্ষতি করছে বলে অভিযোগ কৃষকদের।

ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, বিষয়টি কৃষকরা মৌখিক ও লিখিতভাবে জানিয়েছেন।

তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বনবিভাগের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে সরকারি নিয়ম অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।”