কচুরিপানার নিচে ভাসছিল মরদেহ, দুর্গন্ধে টের পান স্থানীয়রা
পুলিশের ধারণা, তার ঘাড় ভেঙে হত্যা করা হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি খাল থেকে নিখোঁজ এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকার একটি খালের কচুরিপানার নিচ থেকে থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা জানিয়েছেন।
নিহত ৩৩ বছর বয়সী মো. মিলন গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। সে বগুড়ায় থেকে সিএনজি চালাতো।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা বলেন, “স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে খালের কাছে গিয়ে কচুরিপানার নিচে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
তিনি বলেন, “ইতোমধ্যে মরদেহের শরীর ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে ঘাড় ভেঙে হত্যার পর মরদেহটি খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।”
পরিদর্শক শাহ আলম বলেন, “অটোরিকশা চালক মিলন গত ২ অগাস্ট বগুড়া থেকে নিখোঁজ হন। এপর ৫ অগাস্ট তার অটোরিকশাটি উদ্ধার করে বগুড়া পুলিশ।
“খবর পেয়ে নিহতের স্ত্রী ও শ্যালক থানায় এসেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
