Published : 13 Jul 2025, 03:45 PM
গণ-অভ্যুত্থানের পরেও আমরা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “ঘুম, নির্যাতন, দখলদারিত্ব, জবরদখল আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আমরা আর সহ্য করব না। একটা গণ-অভ্যুত্থানের পরেও আমরা আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না।”
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জুলাই পদযাত্রার ১৩তম দিনে রোববার পিরোজপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় এসব কথা বলেন তিনি।
এনসিপি পিরোজপুর জেলা শাখার আয়োজনে বেলা ১১টায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ঘণ্টা খানেক দেরি হয়। পরে বেলা ১২টার দিকে কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে জেলা শহীদ মিনারে পথসভায় মিলিত হয়।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাহিদ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণসহ এমন কোনো অপকর্ম নাই যে ফ্যাসিস্ট সরকার করে নাই।
“তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ফলে মানুষ রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।”
সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না মন্তব্য করে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় দেশের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে আমরা পথে নেমেছি। সাধারণ মানুষের কথা শুনছি, তাদের সমস্যাগুলোর ভিত্তিতে গড়ে তুলছি ভবিষ্যতের রূপরেখা।”
পথ সভায় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শেষ হয়।
পিরোজপুরের কর্মসূচি শেষে এনসিপির নেতাকর্মীরা ঝালকাঠির উদ্দেশে রওনা হন। যেখানে বিকালে আরেকটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।