০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বজ্রপাত: সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাড়ির গেটে গ্যাসের রাইজারে আগুন

“বাড়ির গেটম্যান জানান, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন লেগেছিল।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 06:27 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

বজ্রপাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার বেলা সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর এলাকার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসার গেটে থাকা গ্যাসের রাইজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন লেগেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। ওই সময় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের সামনে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি বলেন, “বাড়ির গেটম্যান জানিয়েছেন, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন লেগেছিল। এতে রাইজার ছাড়া অন্য কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি।”