১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে ডুবে ২ বোনের মৃত্যু

তাদের কেউই সাঁতার জানতো না।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 02:06 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

রোববার সকালে গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে বলে মোল্লাহাট থানার এসআই প্রসেন কুমার সানা জানিয়েছেন। 

মৃতরা হল- ওই ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) এবং মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। 

তারা স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।  

স্থানীয়দের বরাতে এসআই প্রসেন বলেন, “সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে দুই চাচাতো বোন লামিয়া ও সামিয়া বাড়ির পাশে একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায়। সেখানে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। তাদের দুজনের কেউই সাঁতার জানত না।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের একজন শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় দুজনই পানিতে তলিয়ে গিয়ে মারা যেতে পারে।”

তিনি বলেন, “সকাল ৮টার দিকে এক প্রতিবেশী মাছের ঘেরে গিয়ে প্রথমে শিশু সামিয়ার মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। এ খবর শুনে লামিয়াকে পরিবারের সদস্যরা বাড়িতে দেখতে না পেয়ে ওই ঘেরের পানিতে খুঁজতে শুরু করেন। 

“কিছুক্ষণ পর পানির নিচ থেকে লামিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।” 

স্থানীয়দের বরাতে এসআই আরও বলেন, “দুই চাচাতো বোন সমবয়সী হওয়ায় তারা সব সময় একসঙ্গে খেলাধুলা করত। পরিবারের সদস্যদের অবহেলা ও অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটেছে।”

স্বজনদের আপত্তি না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।