১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের তৈরি রিভলভার মিলল মানিকগঞ্জে

অভিযানে রিভলভার ছাড়াও পাঁচটি হাতবোমা, দেশি অস্ত্র এবং বৈদ্যুতিক সংযোগযুক্ত একটি বোমা উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 07:47 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি সেতুর নিচে থেকে পাকিস্তানের তৈরি একটি রিভলভার ও বৈদ্যুতিক সংযোগযুক্ত একটি বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক (মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত) লেফটেনেন্ট কর্নেল ওয়াসিম আকরাম।

তিনি বলেন, সোমবার রাত ১২টার দিকে গোপন খবর পেয়ে উপজেলার লেছরাগঞ্জ বাজার সংলগ্ন সেতুর নিচে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে একটি রিভলভার, পাঁচটি হাতবোমা, দেশি ধারালো অস্ত্র এবং বৈদ্যুতিক সংযোগযুক্ত একটি বোমা উদ্ধার করা হয়।

উদ্ধার করা বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম নিরাপদে ধ্বংস করেছে। অস্ত্র ও অন্যান্য আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে সেনাবাহিনীর ৫৪ সদস্য ও পুলিশের ২১ সদস্য অংশ নেন।

কর্নেল ওয়াসিম আকরাম বলেন, যৌথবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অভিযানটি সম্পন্ন করেছে। যে-কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের লক্ষে যৌথবাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন ঘিরে এ জেলায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, মহরম আলী ও আব্দুল্লাহ আল মামুনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।