১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’

মঙ্গলবার সকালে তাসলিমা ও তার স্বামী ইব্রাহীমের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 04:47 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ভোলাইয়াপাড়া এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় বলে জানান মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন। 

তাসলিমা আক্তার (৩০) ওই এলাকার ইব্রাহীম খলিলের স্ত্রী। 

পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে তাসলিমা ও তার ইব্রাহীমের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়। এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাসলিমা আক্তারকে দেখতে পায় তার শিশু মেয়েরা। ঘটনার  সময় স্বামী পাশের একটি ঘরে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিল।

শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে তাসলিমার মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিমের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহীম খলিল তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে।

পরিদর্শক আল আমিন বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়ছে। গলায় ফাঁস দেয়ার আলামত পাওয়া গেছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। ময়না তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।”