চুয়াডাঙ্গায় ‘১৩ কোটি টাকার’ সোনার বারসহ যুবক আটক
প্রায় সাত কেজি ওজনের সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১৩ কোটি টাকার ৩৯টি সোনার বার জব্দ করা হয়েছে; যেগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়।
শনিবার বিকালে দর্শনা পারকেষ্টপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
আটক রবিউল ইসলাম (৩৪) দর্শনা ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় রবিউলকে থামানো হয়। পরে তার শরীর তল্লাশি করে ৩৯টি সোনার বার পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও ১৪০ টাকা জব্দ করা হয়।
জব্দ করা সোনার বারের ওজন ছয় কেজি ৯৬৮ গ্রাম; যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা বলে জানায় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করছিলেন বলে জানিয়েছেন। তাকে দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ছাড়া উদ্ধার করা সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রমও চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
