Published : 16 Nov 2025, 03:30 PM
খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলায় মহাসড়কে চলাচল করা অবৈধ থ্রি হুইলার, মাহেন্দ্র, নছিমন, করিমন বন্ধসহ তিন দফা দাবিতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাস মালিক সমিতি।
রোববার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেন রুপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।
দাবিগুলো হলো- সরকারি অনুমোদন ছাড়া চলাচল করা বিআরটিসি ও লিজ নেওয়া বিআরটিসি গাড়ি বন্ধ এবং রাস্তায় লোকাল যাত্রী পরিবহণ বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অবৈধ থ্রি-হুইলার, মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিক্সা সড়ক মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে।
দূরপাল্লার পরিবহণে নীতিমালা বহির্ভূত লোকাল যাত্রী পরিবহণ বন্ধ এবং জেলা টার্মিনালে একটিমাত্র কাউন্টার রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলার ভেতরের মহাসড়কে চলাচল করা অবৈধ সব যানবাহন বন্ধ করাসহ তিন দফা দাবি সমাধান করতে প্রশাসনের সঙ্গে মালিক সমিতির নেতারা দফায় দফায় বাস সভা করেছেন। সমস্যার সমাধান করতে প্রশাসন বারবার সময় নিয়েও তা করতে পারেনি।
আগামী ১ ডিসেম্বরের মধ্যে বাস মালিক সমিতির তিন দফা দাবি বাস্তবায়ন করা না হলে ২ ডিসেম্বর থেকে সাত জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেন এ নেতা।
সংবাদ সম্মেলনে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, পিরোজপুর বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি অশোক কুমার দাস, ঝালকাঠি জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান এবং খুলনা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবু উপস্থিত ছিলেন।
খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলার (বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি) ১০টি মালিক সমিতির নেতারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।