Published : 02 Jul 2025, 04:33 PM
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের আটটি টিকিটসহ এক যুবককে আটক করা হয়েছে: যাকে কালোবাজারি বলছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া।
আটক মো. হৃদয় (২৫) উপজেলার ষোলহাসিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির আগে কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করেন হৃদয়।
খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী (আরএলবি) হৃদয়কে আটক করে তল্লাশি চালিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি টিকিট জব্দ করে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, আটক হৃদয় কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করছিলেন।
এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আটক হৃদয়কে ময়মনসিংহ জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।