Published : 03 Jun 2026, 10:43 AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫।
মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন ৬ মাস বয়সী শিশুটির মৃত্যু হয় বলে বুধবার সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা শিশুটিকে গত ২৬ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে জানান হয়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ শিশু। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১০৫ শিশু।
গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৬৭৭ শিশু।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, “আমাদের অনেক অভিভাবক সচেতন নন। তাই শিশু জ্বর সর্দি এবং হাঁচি কাশিতে আক্রান্ত হলে বাড়িতে রেখে নিজেরাই চিকিৎসা করান। যার ফলে শিশুরা শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছে। তাই শিশু অসুস্থ হলেই চিকিৎসকদের পরামর্শ নেয়া উচিৎ। ”