গাড়িচাপায় শিক্ষার্থী নিহত: শেরপুরে সাবেক ২ এমপির বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট শেরপুর শহরে প্রশাসনের গাড়ির চাপায় শিক্ষার্থী শারদুল আশীষ সৌরভ নিহত হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর শহরে প্রশাসনের গাড়ির চাপায় শিক্ষার্থী শারদুল আশীষ সৌরভ নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি হিসেবে সাবেক দুই সংসদ সদস্যসহ ৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে মামলাটি করেন বলে শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, পেনাল কোডের ১৪৩/১৪৪/৩০৭/৩৪ ধারাসহ ২০১৮ সালের সড়ক পরিবহণ আইনের ৯৮/১০৫ ধারায় মামলায় ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন- শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক, সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ্জহরা শ্যামলী, শেরপুরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান, ম্যাজিস্ট্রেট বহনকারী পিকআপের চালক হারুন মিয়া, খড়মপুর মহল্লার আব্দুল আলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য্য, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন।
পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মামলায় ছানুয়ার হোসেন ছানু, হুমায়ুন কবির রুমান পিস্তল এবং আব্দুল আলিম শটগান দিয়ে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি করেছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া অন্য আসামিদের বিরুদ্ধে দা, লাঠিসোঁটা ও হকিস্টিকসহ দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালানোর অভিযোগ করা হয়েছে।
মামলায় বলা হয়, ৪ অগাস্ট বিকালে শেরপুর শহরের খড়মপুর এলাকায় নতুন আইডিয়াল স্কুলের সামনের পাকা রাস্তার ওপর মিছিলে গুলি বর্ষণের একপর্যায়ে আসামিরা আন্দোলনকারীদের ধাওয়া করলে আন্দোলনকারীরা প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় নির্বাহী হাকিমকে বহনকারী একটি সাদা পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় নিচে চাপা পড়ে শারদুল আশীষ সৌরভ ও মাহবুব আলম নামের দুই শিক্ষার্থী নিহত হন।
শারদুল আশীষ সৌরভ (২২) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জড়াকুড়া পাইকুড়া গ্রামের ছোহরাব হোসেনের ছেলে। তিনি শেরপুর শহরের ডা. সেকান্দর আলী কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
