Published : 26 May 2026, 09:57 PM
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর বাজারে বিএনপি নেতার উদ্যোগে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে।
ইউনিয়ন বিএনপির সহসভাপতি খোরশেদ আলম এই বাজার বসিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা তাদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে বিষয়টি প্রশাসনকে জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “গরুর হাট বসছে আমি জেনেছি। যেহেতু ইজারা ছাড়া হাট; তাই ভূমি অফিসের তহশীলদার প্রতিদিন হাট থেকে খাস কালেকশন করবেন।”
দুপুরে সাদুল্লাপুর বাজার এলাকায় গিয়ে দেখা যায়, মূল সড়ক ও বাজারের সরকারি জায়গা দখল করে গরুর হাট বসানো হয়েছে। হাটের কারণে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা এ ব্যাপারে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেন। তারা বলেন, এখানে গরুর ক্রেতা-বিক্রেতার কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের হাসিল আদায় করা হচ্ছে। বিএনপি নেতা খোরশেদ আলমের প্রভাব এবং ভয়-ভীতির কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এক ব্যবসায়ী বলেন, “সাদুল্লাপুর বাজারটি এমনিতেই জনবহুল। তার উপরে এই অবৈধ হাটের কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য লাটে ওঠেছে। প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
এ ব্যাপারে জানতে চাইলে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি খোরশেদ আলম বলেন, “আমার ইউনিয়নের সভাপতি আমির শের আলী গরুর হাট বসানোর বিষয়ে অবগত আছেন।”
গরুর হাটের ইজারা নেননি স্বীকার করে তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে ১৫টা বছর মামলা-হামলায় পলাতক ছিলাম। এই বাজারের ইজারাদার আমি। গরুর হাটের জন্য কেন আলাদা ইজারা নিতে হবে?”
বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শের আলী বলেন, “সাদুল্যাপুর বাজারে যে গরুর হাট বসছে সেই সম্পর্কে আমি অবগত নই।”