১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফতুল্লায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় খুলে পড়ল সিলিং ফ্যান, আহত ৫ শিক্ষার্থী

দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে; এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি শিক্ষকের।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 07:18 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ।

আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, “প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে এসেছিলাম। ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সিলিং ফ্যানটি খুলে পড়ে। ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারপরও পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।”

আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু জাফর বলেন, “প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। 

“তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বর্তমানে স্কুল ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ প্রয়োজন।”

প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।