নিজেদের ভুলের কারণে প্রতিপক্ষ যেন সুযোগ না পায়: ওসমান ফারুক
কিশোরগঞ্জের করিমগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
নিজেদের ভুলের কারণে প্রতিপক্ষ যেন সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম ওসমান ফারুক।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পাইলট হাইস্কুল মাঠে বুধবার দুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সরকার পতনের পর সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফেরেন ওসমান ফারুক। তিনি আট বছর পর দেশে ফেরায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।
ওসমান ফারুক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা যে আন্দোলন ও রাজনীতি করি না কেন, তা যেন গণমুখী ও মানুষের জন্য কল্যাণকর হয়। ব্যাক্তিগতভাবে নিজের প্রাপ্তি বা অপ্রাপ্তি যেন কেউ বড় করে না দেখি।
“এ ছাড়া নজর রাখতে হবে, আমাদের ভুলের কারণে প্রতিপক্ষ যেন সুযোগ নিতে না পারে।”
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মো. গাউস, সিনিয়র সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বক্তব্য দেন।
