Published : 24 Aug 2026, 05:53 PM
সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য ও এক নারী মারা গেছেন।
সোমবার সকালে উল্লাপাড়া উপজেলার রেলওয়ে ওভারব্রিজ এলাকা এবং দুপুরে সদরের সয়দাবাদ ইউনিয়নের যমুনা কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ।
নিহতরা হলেন- পাবনার আটঘড়িয়া উপজেলার আফসার আলীর ছেলে পুলিশ সদস্য বশির উদ্দিন এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্যামগাতি গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা খাতুন।
বশির উদ্দিন রেলওয়ে পুলিশের এসপির (পাকশী) গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আতিক হাসান বলেন, সকালে রেলওয়ের পুলিশ সুপার (পাকশী) উল্লাপাড়া উপজেলার রেলওয়ে ওভারব্রিজ এলাকা পরিদর্শনে আসেন। এ সময় পুলিশ সুপারের গাড়ি চালক ও নিরাপত্তা কর্মী পাশের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন।
এমন সময় পেছন থেকে এসে একটি অটোরিকশা বশির উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় কনস্টেবল বশির উদ্দিনকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বশির উদ্দিন মারা যান।
সার্জেন্ট আতিক হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পালিয়ে যাওয়া অটোরিকশা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।”
লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, মর্জিনা খাতুন ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি কর্ভাড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আহত মা ও ছেলেকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত্যু ঘোষণা করেন। পরে লাশ বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।