শেখ হাসিনার মৃত্যু এ দেশে হবে না, কবরও হবে না: সারজিস
অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু এবং কবর-কোনোটাই বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার এনসিপির বরগুনা জেলা শাখা আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, “আমি শুধু আপনাকে একটা জিনিস বলি, শেখ হাসিনা ১৪০০ মানুষকে খুন করে একটা স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের পতনের মধ্য দিয়ে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না।
“শেখ হাসিনার মৃত্যু এই দেশে হবে না, কবরও এই দেশে হবে না।”
দিনভর এই কর্মসূচিতে অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা। বেলা ১টার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা।
এ সময় বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান সারজিস আলম।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, “অপরাধীদের পদ দেখে আশ্রয় দিলে বিএনপি একসময় অপরাধের অভয়াশ্রমে পরিণত হবে।”
একই সঙ্গে অভিনেত্রী বাঁধনের ওপর সাম্প্রতিক হামলায় বিএনপির কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ চান তিনি।
তিনি বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট সরকারি অব্যবস্থাপনার ফল। তরুণদের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দেওয়ার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ।
অন্যদিকে সরকার জুলাই সনদ নিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
দ্রুত এই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার মেয়াদ শেষ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
