Published : 29 May 2026, 01:13 AM
ফরিদপুরে ২৪ ঘণ্টায় তিন সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যসহ পাঁচ জনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরো চার ব্যক্তি।
বৃহস্পতিবার ঈদের দিন সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিমুজ্জামান মাতুব্বর নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হন।
৫৫ বছর বয়সী আলিমুজ্জামান জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্ৰামের হোসেন মাতুব্বরের ছেলে।
এর আগে বিকাল ৫টার দিকে জেলার নগরকান্দা উপজেলার নারানখালী ব্রিজ এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজন নামে ১৮ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
এ সময় আহত হন তার সঙ্গে থাকা আরেক আরোহী ইব্রাহিম ফকির (১৭)। গুরুতর আহত ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
নিহতরা দুই জনেরই বাড়ি মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামে। রাজন শেখ ওই গ্রামের হামিদ শেখের ছেলে। আর ইব্রাহিম ফকির একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মোহাম্মদ মামুন বলেন, রাজন ও ইব্রাহিম ঈদের দিন মোটরসাইকেলে করে ভাঙ্গা গোল চত্বরে বেড়াতে যাচ্ছিলেন। মহাসড়কের নারালখালি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রাইভেট কার ও মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনা মামলা করার প্রস্তুতি চলছে বলে এস আই মামুন জানিয়েছেন।
এদিকে ঈদের আগের দিন বুধবার রাত ১১টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নিহত হন দুই যুবক। এ সময় আহত হন তাদের সঙ্গে থাকা আরো দুজন।
ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নিহতরা হলেন– ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (২৩) ও বরিশাল জেলা সদরের বাসিন্দা জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৪)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে ছুটছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুই মোটরসাইকেলে থাকা চার যুবক সড়কে ছিটকে পড়েন।
পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমরান শরীফ ও সাইফুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
ওসি হেলাল উদ্দিন বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।