১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় নির্বাচনি আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

৩০ জুলাই কমিশনের আসন পুনর্বিন্যাসের খসড়ায় সারাদেশে ৩৯টি আসনের পরিবর্তিত খসড়া প্রকাশ করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 07:13 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

জাতীয় সংসদের কুমিল্লা-৯ আসন পুনর্বহাল রেখে নতুন খসড়ায় ঘোষিত সীমানা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কয়েক হাজার  সমর্থক বুধবার বিকাল ৪টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেন।

এ সময় অন্তত এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা হয়। 

৩০ জুলাই কমিশনের আসন পুনর্বিন্যাসের খসড়ায় সারাদেশে যে ৩৯টি আসনের পরিবর্তিত খসড়া প্রকাশ করা হয়েছে তার মধ্যে ছয়টি কুমিল্লা জেলার। এর মধ্যে কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনটিকে পুনর্বিন্যাস করে চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণ উপজেলাকে রেখে কুমিল্লা-৯ আসন ঘোষণা করা হয়েছে।

এই খসড়া প্রকাশিত হওয়ার পর থেকেই বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী ও তার সমর্থকরা বিক্ষোভ ও নানান প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। এরই মধ্যে কুমিল্লা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। 

কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা সদর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আখতার হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্যসচিব ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ওমর ফারুক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার, হানিফ মিয়া, সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের সদস্য নাজমুল হাসান রনি, ছাত্রদল সমন্বয়ক নূর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, “নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতিবাদ ও আসন পুনর্বিন্যাস না করে তা আগের মত বহাল রাখার দাবিতে আবেদন করব। আজ মহাসড়ক অবরোধ করা হয়েছে। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশ থেকে জানানো হয়, এ দাবিতে ১২ অগাস্ট লালমাইয়ে, ১৩ অগাস্ট সদর দক্ষিণ উপজেলায় বিএনপির উদ্যোগে বৃহৎ জনসভা আয়োজন করা হবে।